বিএনপি নেতা মকবুল গ্রেফতার

২২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন। পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারিদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলার একটিতে প্রধান আসামি করা হয় তাকে।

শুক্রবার বিকালে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

হাফিজ আক্তার জানান, গ্রেফতারের পর মকবুল হোসেনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টায় নিউ মার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন মঙ্গলবারও দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। দুইপক্ষের সংঘর্ষের মারা যান দুইজন, আহত হন অর্ধশতাধিক।

এই সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয়ার তথ্য পেয়েছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ওই দুটি মামলা দায়ের করেছে।

পুলিশ বাদী হয়ে করা দুই মামলার একটিতে নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় মকবুল ছাড়াও আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়- সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এবিষয়ে পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার শাহেনশাহ মাহমুদ গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ