বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে

২৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় যুক্তরাষ্ট্র, প্রতিবেশি ভারত, পাকিস্তান অভিনন্দন জানালেও দুঃখজনক সত্য যে, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। অর্থাৎ পদ্মাসেতু হওয়াতে দেশ ও বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি, বাংলাদেশিরা আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হতে পারেনি। তারা অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে স্বীকার করে নিয়েছেন যে, পদ্মা সেতুর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় পদ্মাসেতুর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারাদেশময় এবং পৃথিবীময় সব মানুষের কাছে উপস্থাপনের জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন, পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় ফলাওভাবে প্রচার হয়েছে। জাতির সক্ষমতার ও গর্বের প্রতীক হিসেবে পদ্মাসেতুকে উপস্থাপন করা হয়েছে। এই গর্ব আমাদের সবার। সাংবাদিক বন্ধুরা প্রত্যেকটি টেলিভিশন এবং পত্রিকায় জুন মাসের শুরু থেকেই ধারাবাহিক প্রতিবেদন করেছেন এবং জাতির আবেগ-উচ্ছ্বাস গণমাধ্যমে উঠে এসেছে। এজন্য সমস্ত গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর হাছান বলেন, পদ্মাসেতু কখনোই হতো না যদি আমাদের একজন শেখ হাসিনা না থাকতেন। কারণ সব রক্তচক্ষু, ষড়যন্ত্র, প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সৎ সাহস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারই আছে। যারা একসময় পদ্মাসেতু নিয়ে সমালোচনা করেছিলেন, নিজস্ব অর্থায়নের বিষয়ে আশংকা প্রকাশ করেছিলেন, তাদের অনেকেই আজ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। যে বিশ্বব্যাংক পদ্মাসেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করেছিল, সেই বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর উদ্বোধনী অনুষ্ঠানে শাড়ি পরে গিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।

তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাসস চট্টগ্রাম ব্যুরো চিফ কলিম সারোয়ার, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ