বিদায় কাজী আনোয়ার হোসেন

১৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বইয়ের পাঠক তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছে জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানা। মাসুদ রানার স্রষ্টা এবং সেবা প্রকাশনীর প্রকাশক কাজী আনোয়ার হোসেন মারা গেছেন।

বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার বোন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজীদা খাতুন গণমাধ্যমকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

সনজীদা খাতুন জানান, দীর্ঘদিন ধরেই কাজী আনোয়ার হোসেন অসুস্থ ছিলেন। বারডেমে চিকিৎসাধীন আনোয়ার হোসেনকে মঙ্গলবার আইসিইউতে নেয়া হয়। সেখানেই আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ বারডেমের হিমঘরে মরদেহ রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে জানাজা শেষে দাফন করা হবে।

কাজী আনোয়ার হোসেনের জন্ম ঢাকায় ১৯৩৬ সালের ১৯ জুলাই। তার পুরো নাম কাজী শামসুদ্দীন আনোয়ার হোসেন। ডাক নাম নবাব। তিনি কাজী আনোয়ার হোসেন ছাড়াও শামসুদ্দীন আহমেদ নবাব নামে লিখতেন।

তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ, দাবাড়ু ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। মা সাজেদা খাতুন।

কাজী আনোয়ার হোসেন ১৯৫২ সালে ঢাকার সেন্ট গ্রেগরী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। আইএ এবং বিএ পাশ করেন জগন্নাথ কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেন।

কাজী আনোয়ার হোসেন রেডিওতে নিয়মিত গান গাইতেন। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ঢাকা বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সিনেমায় প্লে-ব্যাক করা ছাড়েন ১৯৬৭ সালে।

তিনি ১৯৬২ সালে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনকে বিয়ে করেন। বাবার দেয়া ১০ হাজার টাকা দিয়ে ১৯৬৩ সালে সেগুনবাগিচায় প্রেসের ব্যবসা শুরু করেন। পরে শুরু করেন প্রকাশনার কাজ, নাম দেন সেবা প্রকাশনী। বাঙালি পাঠককে থ্রিলারের পাশাপাশি বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিতে অসামান্য ভূমিকা এই সেবা প্রকাশনীর। ১৯৬৪ সালের জুন মাসে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম বই ‘কুয়াশা-১’। যা পরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

আরও পড়ুন: বাসায় ফিরলেন সোহেল রানা

কাজী আনোয়ার হোসেনের মেয়ে শাহরীন সোনিয়া কণ্ঠশিল্পী। দুই ছেলে কাজী শাহনূর হোসেন ও কাজী মায়মুর হোসেন পেশায় লেখক ও পৈত্রিক প্রেস ও প্রকাশনা ব্যবসার সাথে জড়িত।

কাজী আনোয়ার হোসেন/কিউটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *