৩০ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে একটি বিয়ের আসরে মর্টারের গোলার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির তাগাব জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হন। আহত হন আরও চারজন।
কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় নিহত অন্তত ১০ ও আহত ১৮ জন বলে উল্লেখ করেছেন।
পুলিশ কর্মকর্তা শোরেশ, মর্টারের গোলাটি ছোড়ার জন্য তালেবানকে দায়ী করেছেন। অপরদিকে তালেবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে।
আফগানিস্তান/এসকেএম















