বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে প্রাণহানি

১৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার মধ্যাঞ্চলে একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। কাঠের ছোট বাড়িটিতে আগুন ছেয়ে ফেললে সেখানে আটকা পড়েন তারা। তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি। 

তদন্তকারীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে।

রুশ তদন্তকারী কমিটি জানায়, আগুন লাগার সময়ে কক্ষের ভেতরে ১৫ ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে চারজন আগুন থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন।

এতে কর্তৃপক্ষের সম্ভাব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে তদন্তকারী কমিটি। আগুন নিভে যাওয়ার পর ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেঁচে যাওয়ার চার জনের মধ্যে একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন এখানকার বাসিন্দা।

এই তিন জনকে এক তলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।

যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। ঠিকমতো চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধরা দ্রুত বের হয়ে আসতে পারেননি।

রাশিয়া/এসকেএম