বেলজিয়াম পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে

১৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার ব্রাসেলসের হ্যাসেল্ট ইউনিভার্সিটি অব মাসমেখলেনের পরিবেশবিজ্ঞান কেন্দ্রে দেশটির, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সাথে আলোচনা শেষে মন্ত্রী একথা জানান।

এসময় উপস্থিত ছিলেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশ বিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী ও গবেষকবৃন্দ।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়াম। তাদের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সাথে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এদেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।

সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ফেরার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ/এসকেএম