নিউজ ডেস্ক: ভরা মৌসুমেও শীতের সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। সব ধরনের সবজির দাম অন্য বছরের তুলনায় বেশি। অধিকাংশ সবজিই ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। মাছ-মাংসের দামও ফের বেড়েছে। গরুর মাংস এখন কোথাও কোথাও ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মহাখালীর বউবাজারে আলু ৫০ টাকা কেজি, প্রতিটি ফুলকপি ৫০ ও বাধাকপি ৪০ টাকা, কেজি প্রতি টমেটো ৫০, সিম ৪০, বেগুন ৭০ ও গাজর ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রকারভেদে আলু ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ফার্মগেট কলমিলতা বাজারে ঝিঙার কেজি ৭০ টাকা। এছাড়া কেজি প্রতি করলা ৭০ থেকে ৯০, ক্ষীরা ৫০, টমেটো ৫০, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ পাতার আটি ২০ টাকা, লাউ প্রতিটি ৭০ থেকে ৮০ টাকা ও ব্রোকলি প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, নির্বাচনের পর থেকেই বাজারে আবারও বেড়েছে গরুর মাংসের দাম। দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ টাকায় নেমে আসা গরুর মাংস এখন ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে গরুর দাম বেশি থাকায় সরকারের বেঁধে দেওয়া ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা যাচ্ছে না। এছাড়া প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকায়।
এছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়ে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা। আর কক ও লেয়ার ৩১০ থেকে ৩৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মুরগির দাম প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
বাজার ঘুরে সব ধরনের মাছের দামও বাড়তি দেখা গছে। পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে, তেলাপিয়া ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৪৮০ থেকে ৫৫০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩২০ টাকা, চাষের কই ৩০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৬৫০ টাকা।
বাজার দর/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply