ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন পরীমনি

২ জুন ২০২২ (বিনোদন ডেস্ক): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনি শারীরিকভাবে অসুস্থ। তাই ফৌজদারি কার্যবিধি মোতাবেক ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে পরীমনিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় গত ১ মার্চ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও র‍্যাব-১-এর ডিএডি মজিবর রহমান। বৃহস্পতিবার পরীমনির আইনজীবী মামলার বাদীকে জেরা করেন। পরীমনি আজ আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযুক্ত তিন আসামি হলেন পরীমনি, আশরাফুল ইসলাম ও কবির হোসেন।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরীমনি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ