০১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারতের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানিয়েছে। খবর: ইউএসএ টুডে।
খবরে বলা হয়, তবে নিষেধাজ্ঞায় ছাড় দেয়া হয়েছে ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদের।সাংবাদিক ও কয়েকজন শিক্ষাবিদদের বিষয়ে ছাড় দেয়া হয়েছে। তারা এই নিষেধাজ্ঞার সময়ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শ অনুযায়ী ভারতীয়দের ওপর বিধিনিষেধ আরোপ করছে মার্কিন প্রশাসন। জরুরি ভিত্তিতে ৪ মে থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে ভারতীয় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর। এছাড়া ভারতের সাথে সব রকমের বাণিজ্যিক ভ্রমণ বন্ধ করেছে কানাডা, হংকং ও নিউজিল্যান্ড।
যুক্তরাষ্ট্র/এসকেএম















