২৬ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিজক ডেস্ক, ভারত): ভারতে করোনা মহামারি পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। চরম বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনা সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৈঠকের পরেই সেনাবাহিনীর প্রতি বিপিন রাওয়াত এই নির্দেশনা দেন। খবর: হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, গত দুই বছরে সশস্ত্র বাহিনী থেকে অবসর নেয়া সব চিকিৎসককে কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া সেনা থেকে অবসর নেয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিডিএস রাওয়াত।
জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অন্য মেডিকেল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।
বৈঠকে কমান্ড সদর দপ্তর, কোর সদর দপ্তর, বিভাগীয় সদর দপ্তর এবং ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদর দপ্তর কর্মরত মেডিকেল অফিসারকে হাসপাতালে কোভিড মোকাবেলার জন্য নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সাথে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে।
ভারত/এসকেএম















