বরেণ্য বিজ্ঞানী ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী আসগর স্মরণে নাগরিক সভা হয়েছে নারায়ণগঞ্জে।
শনিবার বিকেলে আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতেই খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল আজীজের নেতৃত্বে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক সম্পাদক মনোয়ারা সুরুজ মনু, রহমান মুস্তাফিজসহ অন্যরা ডক্টর আলী আসগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটি ও বিভিন্ন শাখা আসরের পক্ষ থেকে ডক্টর আলী আসগরের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শহীদ ত্বকী মঞ্চ, নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ চারুকলাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ডক্টর আলী আসগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ডক্টর আলী আসগরের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোজনা করেন। তারা বলেন, শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশ গড়তে ডক্টর আলী আসগর কাজ করে গেছেন আমৃত্যু। তারা বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে ডক্টর আলী আসগরের ভূমিকা ছিল অবিস্মরণীয়।
লেখব, গবেষক ও শিশু আন্দোলনের প্রাণপুরুষ ডক্টর আলী আসগরের মৃত্যু এ দেশের প্রগতিবাদী আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বক্তারা মন্তব্য করেন।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আবদুল আজীজ, মহিলানেত্রী লক্ষ্মী চক্রবর্তী, রফিউর রাব্বী, মনোয়ারা সুরুজ মনু, রথীন চক্রবর্তী, জহিরুল ইসলাম জহির, রহমান মুস্তাফিজ, মাহবুবুর রহমান শিপন-সহ অন্যরা।
আলোচনা শেষে উপস্থিত সবাই আলোক শিখা প্রজ্জ্বলন করেন।
উল্লেখ্য, বরেণ্য বিজ্ঞানী এবং খেলাঘরের সভাপতিমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ডক্টর আলী আসগর গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ৮২ বছর বয়সে মারা যান।
স্থিরচিত্রে ডক্টর আলী আসগরের প্রতি নারায়ণগঞ্জে নাগরিক শ্রদ্ধা নিবেদন
































Leave a Reply