ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে

নিউজ ডেস্ক: ভূমিদস্যুদের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সংলগ্ন খালের বাৎসরিক পরিস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র একথা বলেন।

মেয়র বলেন, নর্দমাগুলো ঢাকা ওয়াসার কাছ থেকে গ্রহণ করার পর থেকে বার্ষিক সূচি করে বছরের প্রথম থেকেই আমরা খালগুলো পরিস্কারের কার্যক্রম হাতে নিয়ে থাকি। এ বছরের সে কার্যক্রম আজ হতে এখান থেকে আমরা শুরু করছি। কিন্তু খালের দখলদারিত্বের আগ্রাসন থেকে আমরা এখনও মুক্ত হতে পারছি না। দখল এবং ভূমিদস্যুদের যে আগ্রাসন, এসব কার্যক্রম আমাদেরকে ব্যাহত করছে। আমরা প্রতিনিয়তই এর বিরুদ্ধে কাজ করে চলেছি। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো যথাযথ জরিমানা করছি। কিন্তু তারপরও আসলে যারা ভূমিদস্য তারা নিবৃত্ত হয় না। যেখানেই যেটা অবৈধ দখল পাচ্ছি সেখানেই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। দখলমুক্ত করছি, জরিমানা করছি।

দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, যেখানে আমরা দাঁড়িয়ে আছি- এখানকার দখলদারিত্ব সম্পর্কে আমরা পত্রিকার দেখেছিলাম। পত্রিকায় দেখার সাথে সাথেই আমরা কিন্তু পুরোটাই দখলমুক্ত করেছি। দখলমুক্ত করে খালের প্রবাহ আমরা নিশ্চিত করেছিলাম। কিন্তু আজকে যখন আবার মাত্র ছয় মাস পরে আমরা এখানে আসলাম, তখন দেখছি তারা এখানে স্থায়ীভাবে দখল করেছে। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। এসবের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, আমাদের অভিযান চলমান থাকবে। এটাকে আবারও দখলমুক্ত করে খালের প্রবাহ যাতে ঠিক থাকে, সেটা আমরা নিশ্চিত করব।

মেয়র তাপস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *