৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বলেন, দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কৃষকের উন্নয়নে শেখ হাসিনার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
মন্ত্রী বলেন, দেশের কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে।
বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগ সভাপতি জমসেদ মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শামামী আক্তার খানম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান।
পরিবেশমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply