মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ

২৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মগবাজারে একটি ভবনে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও একটি দোকান রয়েছে। বিস্ফোরণে ভবনের ধসে পড়েছে। এ ছাড়া সিঙ্গার শো-রুমের ভেতর থেকে জেনারেটর উড়ে এসে রাস্তায় বাসে পড়ে। এতে দুটি বাসের কাচসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও জানা গেছে, ভয়াবহ এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ভবনটির উল্টো পাশে (দক্ষিণ) আড়ং এর ভবনটির গ্লাস ভেঙে পড়েছে।

এ ঘটনায় দগ্ধ ৩৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। শুনেছি ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম