বিনোদন ডেস্ক: ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ এই অভিনেত্রীর ৩০তম জন্মদিন। জন্মদিনেই নিজের এমন ইচ্ছার কথা জানান তিনি। জানিয়েছেন, মৃত্যুর পর তিনি তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করবেন।
বিশেষ এই দিনে স্পর্শিয়া বলেন, আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে। এটা আমি মনে-প্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।
জানা গেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে স্পর্শিয়া চূড়ান্ত আলাপও করেছেন। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।
দেহদান প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, দেখুন এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসাবিজ্ঞানের কার্যক্রমে খানিকটা সহযোগিতা করা।
আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা বললেন স্পর্শিয়া।
অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু কাজ।
অর্চিতা স্পর্শিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply