নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় হাসপাতালের মর্গে পড়ে আছে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ। আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায় লাশ দেশে পাঠানো যাচ্ছে না। এমনটাই জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের ‘রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল’ এর মর্গে পড়ে আছে কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে মোহাম্মদ আব্দুল সোবহান নামে ৪৯ বছর বয়সী ওই বাংলাদেশির লাশ।
হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে অবগত করলে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় হাইকমিশন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিতজনের কোনও তথ্য দিতে পারেনি।
হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায় লাশ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
লাশের দাবিদার না পাওয়া পর্যন্ত মৃত মোহাম্মদ আবদুল সোবহানের লাশ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের মোহাম্মদ আবদুল সোবহানের লাশ শনাক্তের জন্য হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সাথে +৬০১২৪৩১৩১৫০ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।
মালয়েশিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply