২০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে কারও উপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘বিশ্ব মশক দিবস-২০২১’ উপলক্ষ্যে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। ‘ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন’ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গি ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।
এসময় মেয়র স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মশা নিয়ন্ত্রণ করার তাগিদ দেন। পাশাপাশি ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
আতিকুল ইসলাম নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সবাইকে অধিকতর আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
জুম প্ল্যাটফর্মে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
মেয়র আতিক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply