১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা মহামারির মধ্যে ডেঙ্গু রোগ যাতে জনজীবন বিপর্যস্ত করতে না পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার অনলাইনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মশার কোন বর্ডার বা সীমানা নেই। তাই ডেঙ্গু প্রতিরোধে সবার আরও বেশি সতর্ক হওয়ার কোন বিকল্প নেই।
মন্ত্রী বলেন, দুই এক জন মানুষের দায়িত্বহীনতার কারণে শহর বা গোটা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যখন মশা নিধন করা হবে তখন দক্ষিণ সিটি হবে এলাকায় নিধন করতে হবে না অথবা দক্ষিণে মারলে উত্তরে মারতে হবে না, এমনটি ভাবা উচিত নয়।
তিনি বলেন, প্রতিষ্ঠান বা বাড়ি-ঘর যারই হোক, আমি-আপনি যেই হই না কেন, আমরা সবাই এই শহর ও দেশের মানুষ। মশা নিধনে সবাইকে নিজের ওপর অর্পিত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সমন্বিত উদ্যোগে কাজ না করলে সুফল আসবে না।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্মাণাধীন ভবনগুলোর বেজমেন্ট এবং ছাদে বিভিন্ন জায়গাতে পানি জমা থাকে। আর এখানেই এডিস মশার প্রজনন বেশি হয়।
ডেঙ্গু নিয়ে এখনও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এডিস মশা বিস্তার বা প্রজননের সব ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এডিস, অ্যানোফিলিস বা কিউলিক্স মশা যে মশাই হোক না কেন এগুলো নিধনের জন্য কি করতে হবে তা সবারই জানা রয়েছে।
তাজুল ইসলাম বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলওয়ে, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড এবং সিভিল এভিয়েশনসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মশকের বিস্তাররোধে নিজ নিজ উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার কার্যক্রম পর্যালোচনায় ১০ম আন্তঃমন্ত্রণালয় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম















