মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

৩০ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করেছেন। এতে করে রাজ্যটিতে শিবসেনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন শিবসেনার এ নেতা। খবর: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেয়ার সময়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন উদ্ধব ঠাকরে। মূলত মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে সাথে মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জোট সরকার পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

এ ছাড়া এ ঘোষণার সাথেই শিবসেনার অভ্যন্তরে যে সংকট তৈরি হয়েছিল, তার একটা অধ্যায় শেষ হলো বলে মনে করা হচ্ছে। অবশ্য উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেয়ার আগে ভারতীয় সময় রাত ৯টায় সুপ্রিমকোর্ট আদেশ দেয়, বৃহস্পতিবার ঠাকরেকে বিধানসভায় শক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আদালত এ প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না।

শাসক দলের একটা বড়সংখ্যক বিধায়ক উদ্ধব ঠাকরের বিরোধিতা করায় রাজ্যটির গভর্নর মুখ্যমন্ত্রীকে শক্তি পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধেই শিবসেনা সুপ্রিমকোর্টে গিয়েছিল। তবে সেখানে আদেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেই পদত্যাগ করেন শিবসেনাপ্রধান।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ