মহারাষ্ট্রে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

ফায়ার বিভাগের কর্মকর্তাদের মতে, রাজ্যটির ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোররাতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গিয়ে আটকে পড়াদের মরদেহ উদ্ধার করে।

এনডিটিভি আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেন, ভবনের ভেতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তবে দমকল বিভাগের কর্মকর্তারা পরে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। এক শ্রমিক বলেছেন, অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।

আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *