মাঠে নেমেছে ভ্যাট গোয়েন্দা টিম

২৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিপনী বিতান, শপিংমল, কারখানা ও সেবা প্রতিষ্ঠানে ৪টি জরিপ টিম কাজ শুরু করেছে। তারা পরিদর্শন করে ভ্যাট সংক্রান্ত্র তথ্য সংগ্রহ করছে। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এই টিমগুলো গঠন করেছে।

সোমবার এই ৪ জরিপ টিম গঠন করা হয়। প্রথম দিনেই মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, ধানমন্ডির সানরাইজ প্লাজা ও অর্কিড প্লাজা, গুলশানের নাভানা টাওয়ার, বারিধারায় অনন্যা মার্কেট ও রূপগঞ্জ ব্রীজের কাছে হাজী হোসেন প্লাজায় জরিপ চালানো হয়।

ভ্যাট গোয়েন্দা তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এসব টিম ভ্যাট সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এরমধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন নম্বর, নিবন্ধন সনদ দৃশ্যমান স্থানে প্রদর্শিত আছে কিনা, বিক্রিত পণ্য বা সেবার প্রকৃতি, টিআইএন আছে কিনা। এছাড়াও দোকানের আয়তন ও ভাড়া, কর্মচারীর সংখ্যা ও তাদের আনুমানিক বেতন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে মাসিক গড় বিদ্যুৎ বিলের পরিমাণ এবং গত ১০ মাসে ভ্যাট রিটার্ন দিয়েছে কিনা ও মাসভিত্তিক ভ্যাটের পরিমাণ।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান এখনও নিবন্ধিত নন, তাদের খুঁজে বের করে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করা হবে। পাশাপাশি নিবন্ধিত যেসব প্রতিষ্ঠান নিয়মিতভাবে ভ্যাট দিচ্ছে না কিংবা ভ্যাট ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভ্যাট/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *