২৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতু উদ্বোধন নিয়ে মানুষের উল্লাসে বিএনপির মন খারাপ। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-মাওয়া সংযোগ সড়কের প্রবেশমুখে রাজধানীর ধোলাইপাড়ে আওয়ামী মোটরচালক লীগ আয়োজিত ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মোটর চালক লীগ সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সহস্রাধিক মোটরচালক র্যালিতে যোগ দেয়।
হাছান মাহমুদ বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে। সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত, উল্লসিত। চালকদের মধ্যে আনন্দ উল্লাস আরও বেশি, কারণ তাদের কষ্ট লাঘব হয়েছে। পদ্মা পাড়ি দেয়ার জন্য তাদেরকে আর ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।
সরকার কোনও উৎসব আয়োজন করেনি, উদ্বোধনী অনুষ্ঠান করছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আনন্দ উল্লাস করছে দেশের মানুষ। দেশের প্রতিটা মানুষ আজকে পদ্মাসেতু দেখতে চায়। বাংলাদেশের মানুষের এই আনন্দ-উল্লাসে, বিএনপি-জামায়াতের আনন্দ হচ্ছে না। তাদের মন খারাপ হয়ে গেছে। সেজন্য মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।
এসময় বিএনপিকে প্রত্যাখ্যান করতে মোটরচালকদের আহ্বান জানিয়ে ডক্টর হাছান বলেন, এই বাংলাদেশে দিনের পর দিন হরতাল-অবরোধ ডেকে চালকদের ওপর অগ্নিসন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামাত। বিএনপির নেতৃত্বে পেট্রোল বোমা নিক্ষেপ করে ঘুমন্ত চালকদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। থেমে থাকা গাড়ি-ট্রাকের চালকের আসনে বসে থাকা শত শত চালককে পেট্রোল বোমা মেরে এই বিএনপি হত্যা করেছে। আপনাদের অনুরোধ জানাবো, যারা আপনাদের ভাই-বন্ধু-সহকর্মীদের পেট্রোল বোমা মেরে হত্যা করেছে, তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করুন।
পরে মোটরচালকদের একটি র্যালি সুশৃঙ্খলভাবে শ্যামপুর এলাকা প্রদক্ষিণ করে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply