মানুষের জীবন বাঁচাতে বিত্তবানরা এগিয়ে আসুন

১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় দেশের সবচেয়ে বড় এক হাজার শয্যাবিশিষ্ট ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। এবং তা চলমান রয়েছে।

তিনি বলেন, এই হাসপাতালের জমি, ভবন, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৭ দশমিক ১৭ একর জমিতে তৈরি ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণীবিতানকে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ রূপান্তর করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, এই ভবনটি মার্কেটের জন্যই করা হয়েছিল। এখানে দোকান বরাদ্দ থেকেই বছরে প্রায় একশ কোটি টাকা রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা ছিল। নগরবাসীকে সেবা দিতেই এটিকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য তার পক্ষ থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুইটি এ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়িও দেয়া হয়েছে।

মেয়র বলেন, মহামারী চলাকালীন এটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবে। মহামারী শেষ হলে এটি সিটি করপোরেশনের জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হবে। সেখানে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে।

ডিএনসিসি মেয়র আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে স্বশরীরে পশুর হাটে না গিয়ে অনলাইনে ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১ থেকে কোরবানীর পশু ক্রয় করার জন্য পরামর্শ দেন।

তিনি বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে আমাদের সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

এসময় মেয়র হাসপাতালের পরিচালকের কাছে ৮টি হাই ফ্লো নজেল ক্যানোলা মেশিন, ১৮টি বাইপ্যাপ মেশিন এবং ৪০ প্যাকেট বাইপ্যাপ মেশিনের এক্সেসরিজ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম/এসকেএম