মামলাজট কমানোর গুরু দায়িত্ব বিচারকের

৩০ মে ২০২২ (নিউজ ডেস্ক): মামলা জট কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিচারকের সংখ্যা বৃদ্ধিসহ বিচার বিভাগের জন্য বিভিন্ন লজিস্টিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। বলেছেন, মামলাজট কমানোর গুরু দায়িত্ব বিচারকের। বিচারকদের আরও উদ্যোগী হতে হবে।

সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের ১৪৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠান হয়। এতে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার বক্তৃতা করেন।

আইনমন্ত্রী বলেন, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। ডিজিটাল মাধ্যমে যেসব অপরাধ হচ্ছে, সেগুলো দমন করার জন্য এই আইন করা হয়েছে। তিনি বলেন, মামলাজট কমানোর ব্যাপারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০০৯ সালের আগে বিচারক ছিলেন মাত্র সাত থেকে আট শত। এখন এ সংখ্যা উনিশ শতের উপরে। ইতোমধ্যে ১ হাজার ২২৫ জন বিচারক নিয়োগ দেয়া হয়েছে। অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বিচারকদের যানবাহন সমস্যা সমাধান হচ্ছে। শিগগিরই তাদের জন্য জেলা পর্যায়ে বাসস্থানের ব্যবস্থা করা হবে। সব কার্যক্রম ডিজিটাইজেশন করা হচ্ছে।

আরও পড়ুন: বঙ্গ থেকে কঙ্গো

দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমের সংসদ সদস্য পদে থাকার সুযোগ আছে কি-না, সাংবাদিকদের এ প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই ব্যাপারে সুপ্রিমকোর্টের ২-৩টি রায় আছে। তাঁর জানা মতে, হাজী সেলিম এই মামলায় দণ্ডের বিষয়ে আপিল বিভাগে আপিল করেছেন। যতক্ষন পর্যন্ত এই আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ ‘ইফেক্টেড’ হয় না।

আইনমন্ত্রী/আরএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *