১৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। কোলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সময় রোববার দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সৌমিত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর গত ৬ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
একদিন অন্তর একদিন তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছিল। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার মূলত অবনতি হতে থাকে। তার পর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন।
গত বুধবার এ অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়। এর পর গত শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও সাড়া দিচ্ছিলেন না তিনি।
এরপর আজ তার মৃত্যুর সংবাদ দিল বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা গ্রহণ কলকাতায়।
সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জন করেছেন দেশ-বিদেশের বহু পুরস্কার।
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঐতিহাসিক অমর সৃষ্টি ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সাথেও কাজ করেছেন।
চলচ্চিত্র/এসকেএম
















Leave a Reply