মারা গেলেন নুরুল ইসলাম বাবুল

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল মারা গেছেন। ৭৪ বছর বয়েসী নুরুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার জোহরের নামাজের পর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কিডনি সংক্রান্ত জটিলতার চিকিৎসা করাতে তিনি ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছিলেন। মেডিকেল বোর্ড টেলিকনফারেন্সে পরামর্শ করতেন ৪ জন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক।

বিবিসি বাংলা সার্ভিস জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে নুরুল ইসলাম বাবুল হাসপাতালে ভর্তি হন।

নুরুল ইসলাম বাবুল ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। তার অসামান্য সাংগঠনিক ও ব্যবসায়িক মেধায় একে একে গড়ে ওঠে ৩৮টি সেবা ও শিল্প খাতের প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর, যমুনা ফিউচার পার্ক। তার প্রতিষ্ঠানগুলো দেশের ইলেকট্রনিক্স, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, নির্মাণ ও আবাসন খানে শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান।

প্রয়াত নুরুল ইসলাম বাবুলের স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ২০১৪ সালে নির্বাচনকালীণ অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একমাত্র ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে রোজালিন ইসলাম, মনিকা ইসলাম ও সোনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *