মার্কিনী স্থাপনায় রকেট হামলা

২১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে কমপক্ষে ৮টি রকেট হামলার খবর পাওয়া গেছে।

ইরাকের সেনাবহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে এসব হামলা হয়। হামলায় এক ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়। খবর: রয়টার্স।

ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির একদিন আগে এ হামলা হলো।

রকেট হামলায় গ্রিন জোনের ভেতরে কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকের সেনাবাহিনী জানায়, কমপক্ষে ৮টি রকেট হামলা চালানো হয়। এগুলোর বেশির ভাগই বিভিন্ন ভবন ও চেকপোস্টে আঘাত হানে।

হামলার সময় মার্কিন দূতাবাসে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে।

এ হামলার নিন্দা জানিয়েছে মার্কিন দূতাবাস। এ ধরনের হামলা প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতে ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে ইরাকের সব রাজনৈতিক ও সরকারি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জোন লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। প্রতিরোধে দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা পদক্ষেপ নিয়েছে। দূতাবাস কম্পাউন্ডে কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাকী প্রেসিডেন্টের একজন মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়েছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা।

ইরাক/এসকেএম/আরএম