২৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতোই স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম চলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে, তার পর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনা মূল্যের পাঠ্যবইয়ের ছাপার কাজ দেখতে গিয়ে দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গতবারের মতো আসন্ন নতুন শিক্ষাবর্ষেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিনা মূল্যে বই বিতরণের উৎসব হবে না। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের বই দেয়া হবে।
অমিক্রনের আশঙ্কার মধ্যে জানুয়ারিতে শিক্ষাক্রম স্বাভাবিক করা যাবে কি না, সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়াচ্ছে, ইউরোপেও ছড়াচ্ছে। এ জন্য আমাদের আরেকটু বোধ হয় দেখা দরকার। আমরা এখনও সবদিক দিয়ে ভালো অবস্থায় আছি। একই সাথে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে মার্চে বাড়ে করোনার সংক্রমণ। কাজেই মার্চ মাস পার না হওয়া পর্যন্ত বলতে পারব না, খুব নিরাপদ অবস্থায় আছি। কাজেই সতর্কতা ষোলো আনা রাখতে হবে।
বই বিতরণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারও বই উৎসব করার মতো অবস্থা নেই। স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব বিদ্যালয় ক্লাস ধরে ধরে বই দেবে। শিক্ষার্থীরা সময়মতোই বই পেয়ে যাবে।
শিক্ষামন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply