মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

১৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণের নামে বাংলাদেশি শ্রমিকদের সাথে প্রতারণা ও বিভিন্ন ডকুমেন্টস জালিয়াতির দায়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। কুয়ালালামপুর লেবুহ আম্পাং থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময়  পাসপোর্টসহ বিভিন্ন ডকুমেন্টসও উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, ১৫  জুন (জেআইএম) পুত্রজায়ার গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের এই অভিযানে রিক্যালিব্রেশন (পুন:বৈধকরণ) সিন্ডিকেটের মাস্টার মাইন্ড বাংলাদেশি ২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৩৮ এবং অপরজনের বয়স ৫৩ বছর। তবে গ্রেফতার ২ বাংলাদেশির ছবি প্রকাশ করলেও তাদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

তারা অবৈধদের বৈধ করার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকাপয়সা ও পাসপোর্ট হাতিয়ে নিত। অথচ রিক্যালিব্রেশনের জন্য ইমিগ্রেশন বিভাগ কোনও এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করেনি।

গ্রেফতার ২ বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর অধীনে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মালয়েশিয়া/এসকেএম