৩ নভেম্বর, ২০২০ (নিউজ ডেস্ক): দেশে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে দ্বিতীয় বা তৃতীয় বার লকডাউন ঘোষণা করেছে। বাংলাদেশেও আগামী শীতের সময় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশংকা দেখা যাচ্ছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার মত সক্ষমতা স্বাস্থ্য খাতের হাতে রয়েছে।
তিনি বলেন, মানুষ যদি সচেতন না হয়, স্বাস্থ্যবিধি না মানে তাহলে আগামীতে আবারও ভয়ের কারণ হতে পারে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিশেষতঃ সবার মুখে মাস্ক পরা অত্যন্ত জরুরি। এ কারণে দেশে ভ্যাকসিন প্রয়োগ না করা পর্যন্ত সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করতে শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে।
অনলাইনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সেনাল, জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ অনেকেই সভায় অংশ নেন।
সভায় বক্তারা নতুনভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। তারা শীতকালের সামাজিক অনুষ্ঠানগুলো যাতে দল বেধে হতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানান।
স্বাস্থ্য/টিটি/আরএম
















Leave a Reply