বিনোদন ডেস্ক: মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এর মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে।
সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে দুই দেশেই মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক।
এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরইমধ্যে এটি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
এ সিনেমায় ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী একসাথে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম।
জানা গেছে, সিনেমাটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। সিনেমায় অপির স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটির শ্যুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। আরও অভিনয় করেছেন ব্রাত্য রাসু, সোহেল মন্ডল, শাওলী চট্টোপাধ্যায়সহ অন্যরা।
অপি করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















