১৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সবাইকে বিদ্যুৎব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। এমন পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে মিতব্যয়ী হতে পারলে আমরা লাভবান হবো।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
পরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার প্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। তিনি গোটা আমলাতন্ত্রসহ সরকার এবং সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
এমএ মান্নান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অভিঘাত আমাদের উপর পড়েছে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির জন্য বিশ্বের অন্যান্য দেশের মত আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে পণ্য আমরা নিজেরা উৎপাদন করি না, সেটার অভিঘাত মোকাবেলার জন্য আমাদের সতর্ক হতে হবে। প্রধানমন্ত্রী মূলত এ কারণে দেশবাসীকে মিতব্যয়ী হতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৯ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ২ লাখ ৩ হাজার ৭৬৫ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২ দশমিক ১১ শতাংশ।
পিএম/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply