মির্জা ফখরুলের মতিভ্রম ঘটেছে

২০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সমস্ত অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বে হয়েছে। যেখানে সবাই প্রশংসা করছে, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন? দেশের ৫০ বছরের অর্জন নিয়ে তিনি যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে বয়সের কারণে উনার মতিভ্রম ঘটেছে। বিএনপির ডাক্তারদের সংগঠন ‘ড্যাব’ কে অনুরোধ জানাবো তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে মুজিবশতবর্ষ উপলক্ষে দুইশতক জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে দেশের ৫০ বছরের অর্জন আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে… বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

এরআগে গণবভন থেকে রাঙ্গুনিয়ায় অনলাইনে সংযুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ের ভূমিহীনদের দুইশতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সম্প্রতি শ্রীলঙ্কাকে দুই’শ বিলিয়ন ডলার ঋণ দেয়া হয়েছে। আমরা অন্যান্য দেশকেও ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছি। আজ বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, জার্মান প্রেসিডেন্ট থেকে শুরু করে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অর্মত্য সেন প্রশংসা করেন। কিন্তু বিএনপি ও তার মিত্ররা প্রশংসা করতে পারে না।

বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খালেদা জিয়া হাসপাতালে থাকাকালে প্রতিদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের অন্যান্য নেতারা তাঁর চিকিৎসা নিয়ে কথা বলেছেন। দাবি করেছেন তাকে সুস্থ করার জন্য বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু, বেগম খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে, দেশে তিনি সুচিকিৎসা পেয়েছেন। তারা যে বিদেশে নিয়ে যাওয়ার দাবি করেছিলেন সেটি যে অমূলক তা প্রমাণ হয়েছে।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম