মিয়ানমারে বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি বৌদ্ধ মঠে বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে অন্তত ২৮ জনকে হত্যা করেছে সামরিক বাহিনী।

শনিবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

দেশটির প্রতিরক্ষা সংস্থা ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) জানিয়েছে, শনিবার সেনারা নান নিন নামক একটি গ্রামে গোলাবর্ষণ করেছে।

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একের পর এক প্রাণঘাতী যুদ্ধ লেগেই আছে। এর মধ্যে মিয়ানমারের রাজধানী নেপিদো এবং শান রাজ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে।

কেএনডিএফ জানিয়েছে, গোলাবর্ষণের পর শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে সামরিক বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী গ্রামটিতে প্রবেশ করে এবং মঠে লুকিয়ে থাকা গ্রামবাসীদের খুঁজে বের করে এনে হত্যা করে।

স্থানীয় সংবাদপত্র কান্তারাওয়াদ্দি টাইমসের প্রতিবেদনে দেয়া উদ্ধৃতিতে কেএনডিএফের মুখপাত্র বলেছেন, সামরিক বাহিনী তাদের মঠের সামনে এনে লাইন ধরে দাঁড়াতে বাধ্য করে, তারপর ভিক্ষুসহ সবাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।

কেএনডিএফের এক ভিডিওতে অন্তত ২১টি মৃতদেহ দেখা গেছে। লাশগুলো মঠের পাশে স্তূপ করে রাখা ছিল। নিহতদের কয়েকজনের পরনে বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহৃত কমলা রঙের পিরান দেখা গেছে।

প্রসঙ্গত, মিয়ানমারে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমননীতি গ্রহণ করে সেনা সরকার। এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী। সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। এরপর থেকেই সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে তারা।

মিয়ানমার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *