মিয়ানমারে সেনা-গ্রামবাসীর সংঘর্ষ

০৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন গ্রামবাসী নিহিত হয়েছেন।

শনিবার দেশটির সেনা সদস্যরা অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করে গ্রামটিতে। পরে গ্রামবাসীরা গুলতি ও তীর-ধনুক নিয়ে প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর: রয়টার্স।

জানা যায়, দক্ষিণপূর্ব এশীয় দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকে হতাহত হয়েছেন। কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।

অভ্যুত্থানের পর থেকে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেপিডোতে টানা বিক্ষোভ শুরু হয়। যা এখন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।

মিয়ানমার/এসকেএম