মিয়ানমার সেনাবহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

০৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): মিয়ানমার সেনাবাহিনীর ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় ৪ মন্ত্রীসহ ২২ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি ৪টি কোম্পানিকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর: রয়টার্স।

এই দফায় মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছে মিয়ানমার সামরিক সরকারের তথ্যমন্ত্রী চিট নাইং, বিনিয়োগমন্ত্রী অং নাইং ও, শ্রম ও অভিবাসন মন্ত্রী মিন্ট কিয়ায়িং এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী থেট থেট খাইন।

দেশটির প্রভাবশালী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের তিন সদস্যও রয়েছেনে এ নিষেধাজ্ঞার তালিকায়।

এছাড়া কর্মকর্তাদের স্ত্রী-সন্তানসহ আরও ১৫ জনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর আগে গত ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে কয়েক দফায় মিয়ানমার সেনাবহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

মার্কিন রাজস্ব ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করায় শাস্তি হিসেবে সেনা সরকারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞায় মিয়ানমারের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি। বরং দেশটিকে দ্রুততম সময়ে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা/এসকেএম