মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি মোদির শ্রদ্ধা

২৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দুপুর পৌণে ১২টায় হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদি সাভারের জাতীয় সৃতিসৌধে পৌঁছুলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, নবম পদাতিক ডিভিশনের জিওসি, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদীতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছু সময় নিরবতা পালন করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে উঠে করুণ সুর।

এরপর ভারতের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপন করেন।
নরেন্দ্র মোদি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইতে তিনি লিখেছেন, ‘যাদের আত্মত্যাগে মহান জাতির জন্ম হয়েছে বাংলাদেশের সেই দেশপ্রেমিক বীর শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

দুপুর ১২টা ১০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদি সাভারে/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *