মুম্বাইয়ে ভবনধসে ব্যাপক হতাহত

২৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মুম্বাইয়ের কুরলায় একটি চারতলা ভবন ধসে ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ১৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৪৭ বছরের পুরনো। ভবনের ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফান্ড টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই। এছাড়াও তিনি জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল, ভেঙে ফেলার জন্য নোটিশ দেয়া হয়েছিল। এখানকার বাসিন্দাদের সরে যেতে এর আগে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেয়া হয়।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ