মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার কতৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নিহত পুলিশ সদস্যরা সেখানে প্রশিক্ষণকেন্দ্রে ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজনই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

গুলির শব্দ শুনে দুজন পুলিশ কর্মকর্তা সেখানে ছুটে যান। তারাও গুলিবিদ্ধ হন। এই দুজনের মধ্যে একজন নিহত হয়েছেন।

যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।

জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরেল এ হামলার নিন্দা জানিয়েছে। এ ঘটনায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

এ হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর।

২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সেই সময় দেশজুড়ে সহিংসতায় তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশিরভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।

মেক্সিকো/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ