মোদি টিকা নেবেন দ্বিতীয় পর্যায়ে

২২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নিতে পারেন। বর্তমানে প্রথম পর্যায়ে ব্যাপক টিকাদান কর্মসূচি চলছে দেশটিতে।

বুধবার এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ ও ৫০ বছরের বেশি বয়সী সাধারণ জনগণ এই টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন।

১৬ জানুয়ারি এই টিকাদান কর্মসূচির প্রথম পর্যায় শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় ৩০ মিলিয়ন স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মীরা ভ্যাকসিন গ্রহণ করছেন। বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচিতে দ্বিতীয় পর্যায়ে ২৭০ মিলিয়ন লোককে ভ্যাকসিন দেয়া হবে।

শুক্রবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নরেন্দ্র মোদি দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে পারেন। তবে তার টিকা গ্রহণের সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

ভারতীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, প্রথম পর্যায়ের টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী ভ্যাকসিন গ্রহণ করবেন। তিনি মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠককালে বলেছেন, রাজনীতিবিদদের লাইন ভাঙা উচিৎ নয় এবং যখন তাদের পালা আসবে, কেবল তখনই তাদের ভ্যাকসিন নেয়া উচিৎ।

মার্চ বা এপ্রিল মাসে মোদি ভ্যাকসিন গ্রহণ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইউনিয়ন হেলথ মিনিস্টার।

ভারত করোনা ভাইরাস মোকাবেলায় জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য যে দুইটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রীকে কোনটি দেয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেসা উদ্ভাবিত ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক লিমিটেড উদ্ভাবিত ‘কোভ্যাকসিন’কে অনুমোদন দিয়েছে।

এদিকে, নীতি আয়োগের স্বাস্থ্যকর্মী ডাক্তার বিনোদ পাল এবং সরকারের কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান জানান, দ্বিতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়স্ক ও সকল রাজনৈতিক কর্মীকে ভ্যাকসিন দেয়া হবে।

ডাক্তার পাল জানান, বর্তমানে প্রায় ১০ মিলিয়ন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে অন্যান্য সম্মুখ সারির কর্মীদেরও সম্ভবত ভ্যাকসিন দেয়া শুরু হবে।

বৃহস্পতিবার ইউনিয়ন হেলথ মিনিস্টার ডাক্তার হর্ষ ভার্দান বলেন, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।

করোনা ভ্যাকসিন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *