১৫ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তরুণ স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে ৬৬ রানে শ্রীলংকার দুই ওপেনারকে তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দারুণ শুরুটা শেষ পর্যন্ত অব্যাহত থাকল না। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে দিন শেষে শ্রীলংকাই এগিয়ে।
রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে আগে ব্যাট করতে নামা শ্রীলংকার স্কোর ২৫৮/৪। বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন তরুণ স্পিনার নাঈম। একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল।
ইনিংসের অষ্টম ওভারে বোলিং করতে এসে সেই ওভারেই করুনারত্নেকে ফেরান নাঈম। তার স্কিড করা বলটি ব্যাকফুটে কাট করতে গিয়েছিলেন লংকান অধিনায়ক। কিন্তু গতির বিভ্রান্তিতে বল আঘাত হানে প্যাডে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি করুনারত্নে, আটউ। সফরকারীরা এই ধাক্কা কাটিয়ে না উঠতেই নাঈমের আরেক আঘাত। প্রথম সেশনের শেষভাগে ওশাদা ফার্নান্ডোকে উইকেটের পেছনে ক্যাচ বানান নাঈম। তবে দিনের প্রথম ভাগের এই আনন্দ শেষ পর্যন্ত অব্যাহত থাকেনি।
দ্বিতীয় সেশনের পুরটাই ছিল শ্রীলংকার। কুশাল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের মনোযোগে চিড় ধরাতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমন। ৩২ ওভারের দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৮৫ রান তোলেন দুজন। দিনের শেষ সেশনের শুরুতেই অবশ্য অপেক্ষার অবসান ঘটে। শেষ সেশনের প্রথম বলেই তাইজুল ইসলামের বলে ফেরেন কুশাল মেন্ডিস।
তাইজুলের আলগা বলটি টেনে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়ানো নাঈম হাসানের হাতে তুলে দেন মেন্ডিস। ১৩১ বলে ৫৪ রান করেন লংকান তরুণ। খানিক বাদে সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারতে কাটা পড়েন ধনঞ্জয়া ডি সিলভা।
সাকিবের ভেতরে ঢোকা বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন ধনঞ্জয়া। কিন্তু বলের বাঁকের সাথে ব্যাটে তাল মেলাতে পারেননি। বল উঠে যায় স্লিপে। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে উইকেটের দেখা পেয়েছেন সাকিব।
তবে পরপর দুই উইকেট তুলে নেয়া বাংলাদেশ এরপর আর সাফল্য পায়নি। ২১৩ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে ১১৪ রান করে দিন শেষে অপরাজিত ম্যাথিউস। অপর প্রান্তে ৭৭ বল খেলে ২টি ছয়ের সাহায্যে ৩৪ রান করে অপরাজিত আছেন চান্ডিমাল।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply