৩ জুন ২০২২ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার গাড়ি রাখার জায়গায় (পার্কিং লট) গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে নিজের গুলিতে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বন্দুক সহিংসতা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গুরুত্বপূর্ণ এক ভাষণের কিছুক্ষণ পরই আইওয়ার বন্দুক হামলার ঘটনাটি ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউইয়র্ক, টেক্সাস ও ওকলাহোমার বন্দুক হামলার প্রেক্ষাপটে তিনি এ ভাষণ দেন। খবর: রয়টার্স।
স্টোরি কাউন্টি শেরিফ কার্যালয়ের চিফ ডেপুটি নিকোলাস লেনি বলেন, কর্নারস্টোন চার্চের (গির্জা) বাইরে আইওয়ার বন্দুক হামলাটি ঘটে। আমেস শহরের পূর্বাঞ্চলে গির্জাটি অবস্থিত। হামলার সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল।
লেনি বলেন, কাউন্টির ডেপুটিরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত দেখতে পান। তিনি নিহত ব্যক্তির পরিচয় দিতে পারছেন না বলে জানান। এ ছাড়া তাঁদের মধ্যে কোনও ধরনের সম্পর্ক ছিল কি না, সেটাও জানাতে পারেননি কাউন্টির ওই কর্মকর্তা। হামলাকারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
এর কিছুক্ষণ আগেই বন্দুক হামলার লাগাম টানতে অ্যাসল্ট ওয়েপনস নিষিদ্ধ করা, আবেদনকারীর অতীত বৃত্তান্ত বিস্তৃত খতিয়ে দেখা ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ গ্রহণে কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন। ‘যথেষ্ট হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, আমরা আর কত হত্যাযজ্ঞ মেনে নিতে রাজি আছি?’
বন্দুক সহিংসতায় জর্জরিত যুক্তরাষ্ট্রে গত মাসে দুটি মারাত্মক নির্বিচার গুলির ঘটনার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ২১ জন নিহত হন, যাদের ১৯ জনই শিশু। এ ছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে অপর বন্দুক হামলায় নিহত হন ১০ জন। অন্যদিকে গত বুধবার ওকলাহোমার টুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply