নিউজ ডেস্ক: আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর কারণে খুচরা পর্যায়ে চিনির মূল্য সাড়ে ৪ টাকা কমে আসবে। তবে রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের এই মূল্য ৫ টাকা পর্যন্ত কমানোর অনুরোধ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানান, রমজানের প্রথম সপ্তাহে ট্যারিফ সুবিধায় আমদানি হওয়া চিনি বাজারে পাওয়া যাবে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ট্যারিফ হ্রাসকৃত চিনি এখনও বাজারে আসেনি। রমজানের প্রথম সপ্তাহে ট্যারিফ সুবিধায় আমদানি হওয়া পণ্য পাওয়া যাবে।
তিনি বলেন, মিলগেট মূল্য থেকে খুচরা পর্যায়ে প্রায় ৫/৬ টাকা বেশি দামে চিনি বিক্রি হয়। আমদানিকারকরা প্রতিশ্রুতি দিয়েছেন মিলগেটের দামে ট্রাকসেলে তারা চিনি বিক্রি করবে। এতে ভোক্তাদের ৫ থেকে ৬ টাকা সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেন।
রমজান মাসে চিনির কোন সংকট হবে না উল্লেখ করে টিপু মুনশি বলেন, বর্তমানে চিনির যে মজুদ আছে এবং যে পরিমাণ চিনি পাইপলাইনে রয়েছে, তাতে সরবরাহে কোন ঘাটতি হবে না।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড চিনির উপর আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক হ্রাস করে।
ব্যবসায়ীদের সাথে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলা, ডাল, শাকসবজিসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোন পণ্যের ঘাটতি বা মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।
তিনি এক সাথে বেশি পণ্য ক্রয় করে বাজারে কোন ধরনের ‘প্যানিক’ সৃষ্টি না করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি এক্ষেত্রে ভোক্তাদের সচেতন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply