আন্তর্জাতিক ডেস্ক: এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তার হলেন- যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল।
বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।
নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখার জন্য ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেয়া হলো।
কে ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছেন।
প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে সোমবার থেকে শুরু হয়েছে এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা।
প্রথমদিন ঘোষণা করা হয় চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ীর নাম। এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন অ্যালেইন অ্যাস্পেক্ট, জন এফ. ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার।
ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে।
নোবেল পুরস্কার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















