রাজধানীতে স্বস্তির বৃষ্টি

২০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ভ্যাপসা গরমে নগরবাসী ছিলেন অতিষ্ঠ। এ অবস্থায় একপশলা বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী।

বুধবার দুপুর ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে পথচারীরা বিপাকে পড়লেও স্বস্তির নিঃশ্বাস নেন রাজধানীবাসী। রাজধানীতে শ্রাবণের প্রথম বৃষ্টি হয় সোমবার। বুধবার দ্বিতীয় দফায় ভিজলো ঢাকার মাটি।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া এদিন সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ