রাজশাহীতে সব ট্রেন চলাচল বন্ধ

১১ জুন ২০২১ (নিউজ ডেস্ক, রাজশাহী): করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে রাজশাহীর সাথে দেশের সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে।

তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চলাচলও বন্ধ হবে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ূন কবীর সাবংবাদিকদের জানান, রাজশাহীতে প্রথমে সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। এ কয়দিন আমরা পর্যবেক্ষণ করছিলাম। পর্যবেক্ষণে উর্ধ্বমুখী সংক্রমণই বেশি। তাই শুক্রবার বিকেল পাঁচটা থেকে ১৭ জুন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, লকডাউনে ওষুধের দোকান বা অন্যান্য জরুরি সেবার দোকান খোলা যাবে। জরুরি সেবার যানবাহন চলাচল করবে। এর বাইরে সব প্রকার যানবাহন ও গণপরিবহন বন্ধ থাকবে।

এসময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআিইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লকডাউন/এসকেএম