রাষ্ট্রপতি দেখলেন ফিফা বিশ্বকাপ ট্রফি

৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ফিফা বিশ্বকাপের ট্রফি দেখলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ট্রফিটি বাংলাদেশে আনায় রাষ্ট্রপতি ফিফাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ট্রফিটি আসার কারণে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরও বেশি উৎসাহিত হবে। বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে।

বুধবার বিশ্বভ্রমণের ধারাবাহিকতায় ট্রফিটি বাংলাদেশে আনা হয়। বিশেষ বিমানে বেলা সাড়ে ১১টার দিকে এটি ঢাকায় পৌঁছায়। ট্রফি নিয়ে ঢাকায় আসেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধিদল।

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়। এ সময় ফিফা প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিকেলে বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি দলসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করেন। পরে ফিফা বিশ্বকাপ ট্রফিটি প্রদর্শন করেন। রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে ফটোসেশনেও অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান লালি কারেম্বু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, কোকা-কোলা কোম্পানির ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সভাপতি শংকেট রায় ও রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালে যে ট্রফিটি বাংলাদেশে এসেছিল, সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। এবার এলো আসল ট্রফি। বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টার সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে ফুটবল বিশ্বকাপ ট্রফিটি যাবে পূর্ব তিমুরে।

ফিফা বিশ্বকাপ ট্রফি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *