রাহুল গান্ধীর সাজা স্থগিতের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক: ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলা থেকে নিষ্কৃতি পেলেন না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মামলায় গুজরাটের সুরাটের নিম্ন আদালতের দেয়া সাজা স্থগিতে যে আবেদন রাহুল করেছিলেন, তা আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দায়রা আদালত।

সুরাটের দায়রা আদালত রাহুলের আবেদন মঞ্জুর করলে তিনি লোকসভার সদস্যপদ ফেরত পেতে পারতেন। এখন তাকে গুজরাট হাইকোর্টে যেতে হবে। সেখানে বিফল হলে তার জন্য ভারতের সুপ্রিম কোর্টের দরজা খোলা থাকবে।

ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে সুরাটের দায়রা আদালতে সাজা স্থগিতের আবেদন জানান রাহুল গান্ধী। আবেদনে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের রায় সংগতিপূর্ণ নয়। তিনি ন্যায়বিচার পাননি। তাকে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে।

রাহুলের আইনজীবী বলেছিলেন, বাদী এখতিয়ার বহির্ভূতভাবে মামলা করেছেন। রাহুল ভাষণ দিয়েছিলেন কর্ণাটকে। কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় গুজরাটে।

উল্লেখ্য, ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে চার বছর আগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। এই মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত রায় দেন। রায়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। পরদিন (২৪ মার্চ) রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ হয়। আইন অনুযায়ী, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ও বিধান পরিষদের কোনও সদস্য কোনও ফৌজদারি মামলায় দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে তার পদ সাথে সাথে খারিজ হয়ে যাবে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ