রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মকবুল

২৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানী শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২২ এপ্রিল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে নিউমার্কেট থানা পুলিশে হস্থান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুইটি মামলা করে। দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২শ’ জনকে আসামি করা হয়। এছাড়াও সংঘর্ষে নিহত নাহিদের বাবা মোহাম্মদ নাদিম হোসেন বাদি হয়ে নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা করেন। এই চার মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় এক হাজার ৪শ’ জনকে। তিনটি মামলার মধ্যে শুধু পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা মকবুলসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলার বাদি নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক ইয়ামিন কবীর।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ