১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রোজা রেখেও দেয়া যাবে করোনার টিকা। ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, রোজা রেখে টিকা নেয়া যাবে কিনা আমরা এ প্রশ্নের মুখোমুখি হচ্ছি। সবাইকে জানাতে চাই, রোজা রেখে টিকা নেয়া যাবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা নেয়ায় কোন বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চলছে।
লকডাউনের কারণে যারা বিভিন্ন স্থানে আটকা পরেছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্ন ছিল সাব্রিনা ফ্লোরার কাছে। তিনি জানান, বর্তমানে টিকা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই। এতে করে চাপ বাড়বে। প্রথম ডোজ টিকা নেয়ার ৮ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
করোনা টিকা/টিটি/আরএম















Leave a Reply